ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে মেহেরপুরের গাংনীতে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। প্রতারণার স্বীকার ওই নারী পারেছা খাতুনের অভিযোগ, তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মোবাইলে আসা ওটিপি (OTP) নম্বর নিয়ে তিন দফায় টাকা সরিয়ে নেয় প্রতারকরা। এ ঘটনায় তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে থানায় অভিযোগ দায়ের করেন পারেছা খাতুন। তিনি গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং বুদ্ধিপ্রতিবন্ধী শাহিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারেছা খাতুনের স্বামী শাহিন বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের দুই সন্তান সাত বছর বয়সী পারভেজ ও চার বছর বয়সী হামিমও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারের মধ্যে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। পরিবারের অধিকাংশ সদস্য প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের কাছে পরিবারটি ‘প্রতিবন্ধী সংসার’ হিসেবে পরিচিত।
প্রায় ১০ বছর আগে শাহিনের সঙ্গে পারেছার বিয়ে হয়। অভাবের সংসারে স্বামীকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজে পাঠান তিনি। কাজ শেষে নিজেই আবার স্বামীকে বাড়িতে ফিরিয়ে আনেন। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় অনেক সময় স্বামীর মজুরিও দেওয়া হয় অর্ধেক। সেই সামান্য আয়ে চলে তাদের সংসার।
অভাব-অনটনের মধ্যেও ভিক্ষাবৃত্তি বেছে নেননি পারেছা। ছাগল ও হাঁস-মুরগি পালন করে সংসারে বাড়তি আয়ের চেষ্টা করেন। দৃষ্টিশক্তি না থাকলেও নিজ হাতে রান্না করা, ঘর গোছানো, সন্তানদের খাওয়ানো ও গোসল করানোসহ সংসারের প্রায় সব কাজই সামলান তিনি।
পারেছা খাতুনের অভিযোগ, গত ৯ নভেম্বর বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। ওই ব্যক্তি তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানান। একপর্যায়ে মোবাইলে আসা ওটিপি নম্বর দিতে বলেন। সরল বিশ্বাসে তার কথামতো ওটিপি নম্বর দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা তুলে নেওয়া হয়।
লিখিত অভিযোগে পারেছা উল্লেখ করেন, তার ব্যবহৃত ০১৭২৯১৮৯৩৯২ নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ বিষয়ে ভুক্তভোগী পারেছা খাতুন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তান ও প্রতিবন্ধী স্বামীকে নিয়ে প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করছেন পারেছা। সংসারের কষ্টার্জিত সামান্য সঞ্চয়টুকুই ছিল তার ভরসা। ফ্যামিলি কার্ডের আশ্বাসে সেই অর্থ হারিয়ে এখন চরম বিপাকে পড়েছেন তিনি।
এ ঘটনায় প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে টাকা উদ্ধারের পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।