রাজশাহীর মোহনপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার কেশরহাট পৌরসভার হরিগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদি হাসান নীরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে জড়ো হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তারা এ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সূত্রে জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্যকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।