কুমিল্লার নাঙ্গলকোটে ‘সবার আগে বাংলাদেশ প্রোগ্রাম-২ মেধাবী শিক্ষার্থী ও টিম লিডারদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান অনেক প্রত্যাশার একটি নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শনিবার বিকেলে কুমিল্লার গ্র্যান্ড ক্যাসেল হোটেল মিলনায়তনে স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেধাবী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ,আইফোন ল্যাপটপ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পাশাপাশি কর্মসূচিতে দায়িত্ব পালনকারী টিম লিডারদেরও নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘ প্রধান মন্ত্রী তারেক রহমান অনেক প্রত্যাশার একটি নাম’ লেখা বইয়ের মোড়ক উন্মোচন। স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের চেয়ারম্যান মামুনুর রসিদ সহ উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, স্টাডি অফ বাংলা দেশি ন্যাশনালিজম চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশীদ, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মাঈনউদ্দিন দুলাল, সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক ও আসমা শাহদাত, মুখপাএ তোহা হাসান স্বাধীন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, আমির হামজা মুন্না, মাসুদ আলম, ইব্রাহিম খলিল, একেএম মনিরুল ইসলাম ও বেলাল হোসেনসহ মেধাবী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রসার, নেতৃত্বের বিকাশ এবং জাতীয়তাবাদী চেতনা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।