যশোরের মণিরামপুরে রঞ্জন মন্ডল নামে ষাটার্দ্ধো এক মাছের ঘের মালিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার মুক্তেশ্বরী নদীর হেলারঘাট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রঞ্জন মন্ডল পাশ্ববর্তী কেশবপুর উপজেলার কালিচরনপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে, পুলিশ ও নিহতের পরিবারের দাবি দূর্বৃত্তরা অপহরণের পর শ্বাসরোধে রঞ্জন মন্ডলকে হত্যা করে। এঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানাযায়, রঞ্জন মন্ডল ছিলেন ঘের ব্যবসায়ী। তার কয়েকটা ঘের রয়েছে। ঘটনার দীন সকাল ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর হেলারঘাট ব্রিজের পাশে স্থানীয় রমেশ চন্দ্র নদীতে তার পাটার কাছে জাল তুলতে গিয়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেন। স্ত্রী বিউটি মন্ডল জানান, শুক্রবার বিকেলে রঞ্জন মন্ডল বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশে রওনা হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। পরে খবর পেলাম তার লাশ পড়ে থাকার। নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এস আই অলোক বিশ্বাস জানান, মরদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলা কালচে দাগ রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, প্রাথমিক তদন্তে রঞ্জনকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে পূর্ণ তদন্তের পর হত্যাকান্ডের মোটিভ উদঘাটিত হবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।