সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি দল। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাতে খুলনার হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জোনাব আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পদ্মপুকুর এলাকার মৃত কেরামত আলীর ছেলে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এসআরবি এ তথ্য জানিয়েছে। এসআরবি'র প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গৎ ৬ নভেম্বর রাত ১১টার দিকে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি দল খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে সুন্দরবনের ত্রাস ও কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে আটক করা হয়।
অভিযান শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে বলেও উল্লেখ করা হয়।