দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন সাধিত হবে- এ্যানি

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬, ০৫:৫৪ পিএম | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৫:৩৩ পিএম
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন সাধিত হবে- এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন পদ্মা ব্যারেজ বর্তমান সরকারের একটি ম্যাগা ও চ্যালেঞ্জিং প্রকল্প। বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার সুদূর প্রসারী চিন্তাভাবনা থেকে বৃহৎ এই প্রকল্পটি গ্রহণ করেছেন। আর এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্যের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। রোববার দুপুরে পাবনার সুজানগরের পদ্মাপাড়ে পদ্মা ব্যারেজ এলাকা পরিদর্শন ও গারিগরি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পাবনা-২আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী এ্যানি আরো বলেন ২০০৪ সালে বিএনপি সরকার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক কারণে তথা ওইপারের কারো স্বার্থের দিকে তাকিয়ে প্রকল্পটি আর বাস্তবায়ন করেন নাই। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র ২/৩মাসের মাথায় বহুকাঙ্খিত সেই পদ্মা ব্যারেজ প্রল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করছি আগামী ২০২৭সালের জানুয়ারী-ফেব্রুয়ারি মাসের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপ্নের ওই পদ্মা ব্যারেজ প্রকল্প উদ্বোধন করবেন। আর উদ্বোধন পরবর্তী ৭বছরের মাথায় প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছি। মন্ত্রী এ্যানি আরো বলেন প্রথম পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়নে ৩৫হাজার কোটি টাকা এবং সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত মোট ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গড়াই, মধুমতি এবং ইছামতিসহ বিভিন্ন নদীতে নিয়মিত পানিসরবরাহ করাসহ সেচ সুবিধা নিশ্চিত করা যাবে। এতে কৃষকসহ সর্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পনিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা-৫আসনের সংসদ সদস্য এডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ। এর আগে উক্ত প্রকল্পের পিডি হাসান মাহমুদ পদ্মা ব্যারেজ প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন। এছাড়া মন্ত্রী এ্যানি এদিন উপজেলার মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে