রাজশাহীর তানোর উপজেলা সদরে অবস্থিত ‘অর্কিড স্কুল অ্যান্ড কলেজে’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি তানোর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আমশো-মথুরাপুর মহল্লায়। পিতার নাম মরহুম আব্দুল করিম সরকার। তাঁর মৃত্যুতে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ, অভিভাবক, তানোর প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবসহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এরফান আলী সরকার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পরে সরকারি আব্দুল করিম সরকার কলেজের প্রভাষক এবং শাপলা কোয়ালিটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। সর্বশেষ ২০১৮ সাল থেকে তানোর উপজেলা সদরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল লতিফ আরাফ ও সাংবাদিক মিজানুর রহমান বলেন, এরফান আলী সরকার ব্যক্তি হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ছিলেন। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানটি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারিয়েছে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে মরহুমের মরদেহ তানোর পৌরসভার আমশো-মথুরাপর মহল্লায় তাঁর বাসভবনে পৌঁছালে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। রোববার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। ই/তা