মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকার ইউটার্নে কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার ‘মদিনা ইলেকট্রনিকস’ নামে একটি দোকান রয়েছে। দোকানের পণ্য আনতে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন তিনি। তিনি তিন সন্তানের জনক। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খন্দকার আরশাদ কবির মৃত ঘোষণা করেন। চিকিৎসক খন্দকার আরশাদ কবির বলেন, ‘মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার পরই তার মৃত্যু হয়।’ ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।