শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার ৮১ টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন। সভায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভার শুরুতে কার্যবিবরণী পাঠ করা হয়। পরে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মজলিস খান মাখন, বালিয়াটি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী শ্রী আদিত্যনন্দ মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যোৎ কুমার ঘোষ অ্যাপোলো, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাটুরিয়া শাখার আহ্বায়ক বাবু প্রকাশ চন্দ্র পাল, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী নূর বকস (রতন), সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমীর হামজাসহ সংশ্লিষ্টরা।
এ ছাড়া সভায় সাটুরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রফিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় সভাপতির বক্তব্যে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে ৮১ টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে ৬০০ কেজি চালের সরকারী অনুদানের চিঠি তোলে দেন উপজেলা প্রশাসন।