ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৬:৪২ পিএম
ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগ্রহীত

দেশের সব জেলায় ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ার মধ্যে আক্রান্তদের পরীক্ষা ও চিকিৎসায় স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চলতি বছর ডেঙ্গুতে ৮১ হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি এবং ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশকে পাঁচ লাখ এনএস-১ র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে এসব কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রাইডস’ কার্যক্রমের আওতায় কিটগুলো বাংলাদেশকে দেওয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা কিটগুলো স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থায় বর্তমানে পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে। ফলে দেশের যেকোনো অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

পাঁচ লাখ কিট দ্রুত দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিটগুলো প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে বা সিএমএসডিতে জমা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে পাঠানো হবে।

কিট হস্তান্তর অনুষ্ঠানটি কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজনের কারণ হিসেবে যানজট ও যাতায়াতের সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ডেঙ্গুর টিকা নিয়ে আলোচনা
দেশে ডেঙ্গুর টিকা চালুর বিষয়েও সরকারের ভাবনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকার ব্যয় বেশি হওয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে। আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করেই ডেঙ্গুর টিকা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান নির্দেশনায় উচ্চ সংক্রমণের এলাকায় ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য কিউডেঙ্গা ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ রয়েছে। এই টিকার দুই ডোজের মধ্যে অন্তত তিন মাসের ব্যবধান রাখার কথা বলা হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু টিকাদান নয়, মশা নিয়ন্ত্রণ, আক্রান্তদের যথাযথ চিকিৎসা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হাসপাতালে ভর্তি ৮১ হাজারের বেশি
দেশে ডেঙ্গুর প্রকোপ চলতি বছর উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। ৮১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৪৯ জনের মৃত্যু হয়েছে।

এই পরিস্থিতিতে নতুন পাঁচ লাখ টেস্ট কিটের পাশাপাশি সরকারি পর্যায়ে থাকা অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগীদের পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগনির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন। তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবরও নেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে