ইন্দুরকানীতে ইজিবাইকের ধাক্কায় কৃষকের মৃত্যু

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০১ এএম
ইন্দুরকানীতে ইজিবাইকের ধাক্কায় কৃষকের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আবু হানিফ মৃর্ধা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ মৃর্ধা পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইছাহক আলী মৃর্ধার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে চাল নিয়ে বড় ছেলের বাড়িতে যাচ্ছিলেন আবু হানিফ মৃর্ধা। এ সময় ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়ক পার হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে