বেপরোয়াগতির কারণে যেখানে ঝড়েছিলো তিনপ্রাণ, সেখানে অভিযান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৭:০৪ পিএম
বেপরোয়াগতির কারণে যেখানে ঝড়েছিলো তিনপ্রাণ, সেখানে অভিযান
ছবি: FNS

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় বেপরোয়াগতির কারণে এক মাস আগে যেখানে ঝড়েছিলো তিন তরুণের প্রাণ। ঠিক সেখানেই সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইলকোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

অভিযানে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং গৌরনদী হাইওয়ে থানা পুলিশ সহযোগিতা করেন। অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সতর্ক করা হয়। দূরপাল্লার যানবাহনচালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে