৫২৫ কোটির ঘরে জনি ডেপের ‘এবেনেজার’

এফএনএস বিনোদন
| আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম
৫২৫ কোটির ঘরে জনি ডেপের ‘এবেনেজার’
ছবি: FNS

হলিউড অভিনেতা জনি ডেপের প্রত্যাবর্তনের সিনেমা ‘এবেনেজার’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ভালো সূচনা করেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৫২৫ কোটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ থেকে এসেছে ১ কোটি ৯০ লাখ ডলার। মুক্তির প্রথম সপ্তাহান্তেই দেশটির পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘এ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘এবেনেজার’। সিনেমাটি পরিচালনা করেছেন টি ওয়েস্ট। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। তার সঙ্গে আরও রয়েছেন রুপার্ট গ্রিন্ট ও ইয়ান ম্যাককেলেন। তবে বক্স অফিসে ভালো সূচনা হলেও সিনেমাটি নিয়ে সমালোচকদের প্রতিক্রিয়া খুব একটা ইতিবাচক নয়। মুক্তির আগে থেকেই জনি ডেপের প্রত্যাবর্তন ঘিরে বিতর্ক ছিল। এর মধ্যেই সমালোচকদের নেতিবাচক পর্যালোচনা উপেক্ষা করে দর্শকদের কাছ থেকে প্রাথমিক সাড়া পেয়েছে সিনেমাটি। প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার বাজেটে নির্মিত হয়েছে ‘এবেনেজার’। ফলে প্রথম সপ্তাহান্তের আয় নির্মাণ ব্যয়ের চেয়ে বেশি হলেও সিনেমাটিকে লাভজনক অবস্থানে নিতে আরও আয় করতে হবে। কারণ, সিনেমার প্রচার ও বিপণনে ব্যয় হওয়া অর্থ সাধারণত নির্মাণ বাজেটের হিসাবে অন্তর্ভুক্ত থাকে না। এদিকে সপ্তাহান্তের বক্স অফিস তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় ১ কোটি ১৪ লাখ ডলার। অন্যদিকে ‘গডজিলা মাইনাস জিরো’ দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে আয় করেছে ৮৩ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮ কোটি ৯৯ লাখ ডলার। আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। ১৭ থেকে ২০ কোটি ডলার বাজেটের এই সিনেমা বক্স অফিসের শীর্ষস্থান দখলের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে। ফলে ‘এবেনেজার’ দ্বিতীয় সপ্তাহেও শীর্ষস্থান ধরে রাখতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।