মাদক কারবার নিয়ন্ত্রণে মূল হোতাদের গ্রেপ্তার করতে হবে

এফএনএস | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম
মাদক কারবার নিয়ন্ত্রণে মূল হোতাদের গ্রেপ্তার করতে হবে
ছবি: FNS

ছোট ছোট অস্থায়ী খুপরি বা ঘর থেকে খুচরা বিক্রেতারা মাদক বিক্রি করে। তবে এর মূল লভ্যাংশ চলে যায় নেপথ্যের গডফাদারদের পকেটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের ফলে প্রায়ই খুচরা বিক্রেতা বা মাদক বহনকারীরা গ্রেফতার হলেও, নেপথ্যের মূল অর্থদাতা বা গডফাদাররা প্রভাবশালী মহলের আশ্রয়ে বা কৌশলগত কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বলে অভিযোগ রয়েছে। মূল চোরাকারবারিরা সামাজিকভাবে প্রভাবশালী বা রাজনৈতিক আশ্রয় ভোগ করায় তাদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ জোগাড় করা কঠিন হয়। এছাড়া অনেক সময় পুলিশের ভেতর মাদক সংশ্লিষ্টদের কারণে বা সোর্সের মাধ্যমে অভিযানের আগেই তথ্য পাচার হয়ে যায়, ফলে গডফাদাররা সটকে পড়ে। এছাড়া মূল হোতারা সরাসরি মাদক বহন করে না। তারা রাজনৈতিক প্রভাব বা অন্য উপায়ে ধরাছোঁয়ার বাইরে থাকে। গডফাদাররা সাধারণত নিজেরা সরাসরি মাদকের চালানের সাথে থাকেন না। তারা নারী, শিশু বা দরিদ্র মানুষদের টাকার বিনিময়ে বাহক হিসেবে ব্যবহার করে। বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং এবং এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহারের ফলে মূল অর্থদাতাদের অবস্থান শনাক্ত করা জটিল হয়ে পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, অভিযানে যেসব মাদক জব্দ করা হয়, তার চেয়ে অনেক বেশি পরিমাণ মাদক ক্রেতাদের হাত পর্যন্ত পৌঁছে যায়। ইয়াবার ক্ষেত্রে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ ধরা পড়ে, বাকি ৮৫ শতাংশই অধরা। টেকনাফ-কক্সবাজার সীমান্ত দিয়ে দেদার ইয়াবা ঢুকছেÑএই খবর নতুন নয়, বরং কয়েক বছর থেকেই এই খবর চাউর হয়েছে। সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এলাকাটি বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। কিন্তু এতে কি মাদকের বিস্তার নিয়ন্ত্রণে এসেছে? মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে, আসেনি। রাজধানীর মতো বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইয়াবা, হেরোইন, কুশের মতো ভয়াবহ মাদক ছড়িয়ে পড়েছে। দেশে মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বিত অভিযানের বিকল্প নেই। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে হবে। সীমান্তগুলো কড়া নজরদারির আওতায় আনতে হবে। প্রকাশ্যে মাদক বিক্রি রোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন। স্কুল-কলেজকেন্দ্রিক সুরক্ষা: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে মাদকের আড্ডা ও সরবরাহ কঠোরহস্তে দমন করতে নিয়মিত টহল ও মনিটরিং বাড়ানো গুরুত্বপুর্ণ।

আপনার জেলার সংবাদ পড়তে