জলবায়ু ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান

মো: শাহজাহান স্বপন; বিশেষ প্রতিনিধি
| আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ পিএম | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ পিএম
জলবায়ু ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান
ছবি: সংগ্রহীত

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশকর্মী শরীফ জামিল। একই সঙ্গে জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোর (গ্লোবাল নর্থ) জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে ‘পিপলস ক্লাইমেট সামিট বিয়ন্ড কপ৩১’। ১৪ নভেম্বর আনতালিয়ার রাজপথে যৌথ পদযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক আন্দোলন, নাগরিক সমাজ, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক, কৃষক, মৎস্যজীবী, তরুণ ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

গতকাল ১৫ নভেম্বর আনতালিয়ার মিমার সিনান কংগ্রেস সেন্টারে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ওয়াটারকিপার অ্যালায়েন্সের গ্লোবাল বোর্ড সদস্য শরীফ জামিল, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (সিএএন) ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট তাসনিম এসপ, জাপানিজ কমিউনিস্ট পার্টির সদস্য তোমো ইওয়াবুচি, সমাজবিজ্ঞানী মার্কুস উইসেন এবং সম্মেলনের প্রতিনিধি ইসেহান বালতা।

উদ্বোধনী অধিবেশনে শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণসহ পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। এ সংকটের জন্য যারা ঐতিহাসিকভাবে দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনাও জরুরি।

তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশের ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছে। একইভাবে ইস্তাম্বুল ও ব্যাংককে অতিবৃষ্টিজনিত দুর্যোগ দেখা গেছে। লন্ডন ক্লাইমেট উইকের সময় তীব্র তাপপ্রবাহের কারণে লন্ডনের বাসিন্দাদেরও নিজ বাড়ি ছেড়ে অন্যত্র রাত কাটাতে হয়েছে। এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দায়ভার কে নেবে এবং তাদের ক্ষতিপূরণ কীভাবে নিশ্চিত হবে—সেই প্রশ্নের সমাধান প্রয়োজন।

শরীফ জামিলের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি যথেষ্ট নয়; ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য পাওনা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক অর্থায়ন ও জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অধিবেশনে তাসনিম এসপ বিশ্বজুড়ে যুদ্ধ ও সামরিকীকরণের সমালোচনা করেন। তিনি বলেন, মানুষ ও মানবতার ক্ষতিসাধনে গ্লোবাল নর্থের দেশগুলো যেভাবে দ্রুত সম্পদ ও সামরিক শক্তি মোতায়েন করতে পারে, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে তাদের তেমন তৎপরতা দেখা যায় না।

কপ৩১-এর মতো আন্তর্জাতিক আলোচনার মঞ্চে সংশ্লিষ্ট দেশ ও পক্ষগুলোকে কার্যকর ভূমিকা পালনে বাধ্য করতে বিশ্বজুড়ে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।