খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন (আযম) হত্যা মামলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এজাহারনামীয় চার প্রধান আসামিসহ জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা এ অভিযোগ তুলে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজি নাজমুল হাসান। এ সময় নিহত আজমুলের পরিবারের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর তুচ্ছ একটি ঘটনাকে (ভাত খাওয়া নিয়ে) কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেচে পরিকল্পিতভাবে আজমুল হোসেন আযমকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার মাথার সামনের অংশের চুল কেটে চেহারা বিকৃত করার পর মারধর করে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর হরিণটানা থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা (মামলা নং-০৩, জিআর নং-৭১/২৬) দায়ের করেন। মামলার পর থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রত্যেকেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে গত প্রায় দেড় মাসে আর কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
আদালতের কার্যক্রম সম্পর্কে অ্যাডভোকেট কাজি নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রতাপ সরকার নামে একজন মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্র্বতীকালীন জামিনে রয়েছেন। রোববার (১৫ নভেম্বর) আসামি মো. সুমন ইসলাম ও শেখ আসিফ হাসানের জামিন শুনানি অনুষ্ঠিত হলে বাদীপক্ষের জোরালো বিরোধিতা এবং ১৬৪ ধারার জবানবন্দি বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া আজ সোমবার (১৬ নভেম্বর) হাজতি আসামি তারেক হাসান রুবেলের জামিন শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাদীপক্ষের আইনজীবী ও প্রতিনিধিরা তদন্ত কার্যক্রমের ধীরগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তাদের অভিযোগ, মামলার এজাহারনামীয় প্রধান আসামি মেহেদি, রিফাত ও সাব্বিরসহ চারজন এখনও ধরাছোঁয়ার বাইরে। আসামিদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা এবং এক আসামির বড় ভাই পুলিশ কর্মকর্তা হওয়ায় পুলিশ প্রশাসন আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করছে বলে সন্দেহ প্রকাশ করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ কেন আসামিদের অবস্থান শনাক্ত বা গ্রেপ্তার করতে পারছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে সজাগ রয়েছে এবং উপাচার্য ও প্রক্টর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের স্বার্থে নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরা হয়- দাবিগুলো হচ্ছে- পলাতক এজাহারনামীয় ৪ আসামিসহ জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি প্রতাপ সরকারের অন্তর্র্বতীকালীন জামিন বাতিল করতে হবে, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে ঘটনার মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করে নির্ভুল অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে হবে এবং নিহতের পরিবার ও মামলার সাক্ষীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তারা বলেন, তারা কোনো প্রতিহিংসা নয়, বরং প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মেধাবী শিক্ষার্থী আজমুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান।