কালীগঞ্জ হাসপাতালে ৩ ঘণ্টা দুদকের অভিযানে অনিয়মের তথ্য

টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ পিএম
কালীগঞ্জ হাসপাতালে ৩ ঘণ্টা দুদকের অভিযানে অনিয়মের তথ্য
ছবি: FNS

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা। প্রায় ৩ ঘণ্টাব্যাপী অভিযানে বেশ কিছু অনিয়মের তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

রোববার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি দল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদান,দাপ্তরিক কার্যক্রম,ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন। হাসপাতালের সার্বিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা দায়িত্ব পালনে গাফিলতি রয়েছে কি না, তা যাচাইয়ের চেষ্টা করেন তাঁরা।অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণসহ একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে এর আগেও একাধিক গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন প্রকাশের পর হাসপাতালের সেবার মান, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়। রোগী ও তাঁদের স্বজনদের মধ্যেও হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
সরকারি অর্থ ব্যয়ে পরিচালিত এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং অনিয়ম-অব্যবস্থাপনা দূর করার দাবি দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে দুদকের এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তবে অভিযানে পাওয়া অনিয়মের প্রকৃত ধরন, এর সঙ্গে কারা জড়িত এবং কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে দুদকের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে