ডায়াবিটিস নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডায়াবিটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা গেলে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ব ডায়াবিটিস দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ১৪ নভেম্বর দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
বাণীতে তারেক রহমান বলেন, ডায়াবিটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্যন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এ রোগের জটিলতা জীবনহানির কারণও হতে পারে।
তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।
যাঁরা এখনও ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে এ রোগ প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপের পাশাপাশি সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে প্রত্যেকে সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য ব্যক্তির জীবনমান উন্নত করার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রাকেও গতিশীল করে।
বাণীতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ডায়াবিটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের কাছে ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে সমিতির প্রচেষ্টা প্রশংসনীয়।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। ডায়াবিটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতাও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছর বিশ্ব ডায়াবিটিস দিবস পালিত হয়। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং দিবসটি উপলক্ষ্যে নেওয়া কর্মসূচির সাফল্য কামনা করেন।