গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে পরপর ১০টি যানবাহনের সংঘর্ষে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন যানবাহনের শতাধিক যাত্রী আহত হয়েছেন। নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। তিনি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে ছিলেন। দুর্ঘটনায় সংসদ সদস্যের বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ইলিয়াস ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তাঁর নির্বাচনি এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় তাঁর গাড়িবহরও দুর্ঘটনার মধ্যে পড়ে। এ সময় বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্যের কোনো ক্ষতি হয়নি।
দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ইলিয়াস ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্যসচিব মো. বদরুজ্জামান এজাজ জানান, ইলিয়াস ফকির সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়িতে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।