অল্প সময়ে মুন্সিগঞ্জের বার্তা পত্রিকাটি মুন্সিগঞ্জ জেলার মধ্যে খুবই জনপ্রিয় একটি পত্রিকা হিসাবে পরিচিতি পেয়েছে। গত ১৯ অক্টোবর এই পত্রিকার এক বছর পূর্ণ হয়েছে। এরই মধ্যে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ষবার্তা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। আজ তার মোড়ক উন্মোচন করা হলো। আমি মনে করি খুবই অল্প সময়ের মধ্যে মুন্সিগঞ্জে এই পত্রিকাটি পাঠক পরিচিতি পেয়েছে। আশা করি গণমাধ্যমের নীতি অনুসরণ করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন 'বর্ষবার্তা'র মোড়ক উন্মোচন উপলক্ষ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এ কথা বলেছেন। মোড়ক উন্মোচনের পর ম্যাগাজিনটির পাতা উল্টিয়ে দেখেন মোহাম্মদ শহিদুল ইসলাম। এ সময় তিনি মুন্সিগঞ্জ-বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সমকালীন বিষয় নিয়ে সাজানো এই সংকলনের প্রশংসা করেন এবং পত্রিকাটির সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, "একটি স্থানীয় পত্রিকা এক বছর পূর্ণ করে এমন একটি সংকলন প্রকাশ করছে, এটি সত্যিই আনন্দের খবর। স্থানীয় সাংবাদিকতা কেবল খবর পরিবেশনেই সীমাবদ্ধ নয়, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণেও এর বড় ভূমিকা রয়েছে। 'বর্ষবার্তা'য় সেই চেষ্টার ছাপ দেখতে পাচ্ছি।"তিনি আরও বলেন, "নতুন পত্রিকার পথচলা সহজ নয়। সততা, পেশাদারত্ব ও পাঠকের আস্থা ধরে রাখতে পারলে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা অনেক দূর এগিয়ে যাবে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সঠিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ ও সিরাজদিখান প্রতিনিধি সিজান খান। এ ছাড়া পত্রিকার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।