ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। তাই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সাধারণ প্রত্যাবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজি নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন এবং তার আইনজীবীরা পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্রের বিষয় তুলে ধরছেন। কিন্তু প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ দুটি আলাদা আইনি বিষয়। কোনো ব্যক্তি বিদেশে যাওয়ার পর নিজের দেশে ফিরে এলে সেটি প্রত্যাবর্তন। আর ফৌজদারি মামলা, অপরাধের অভিযোগ বা দণ্ডের মুখে থাকা কাউকে এক দেশ থেকে অন্য দেশে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনার নাম প্রত্যর্পণ।
বিএনপির এই নেতা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে আলোচনাকে তিনি অপ্রাসঙ্গিক মনে করেন। তার ভাষায়, প্রত্যর্পণ চুক্তির বিধিবিধান মেনেই দুই দেশের মধ্যে আলোচনা করে তাকে দেশে ফিরিয়ে আনা উচিত।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ফাইয়াজসহ অসংখ্য মানুষ হত্যার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিকসহ প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে দাবি করেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে এবং বিভিন্ন মামলায় দণ্ডও দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে গোলাপ, হাসনাহেনা কিংবা বেলি ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে! তার মতে, এসব আলোচনা না করে তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।
আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার সময়ে দেশে গুম, খুন ও গুপ্তহত্যা রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হয়ে উঠেছিল। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থার মতো পরিস্থিতি আবারও প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষার্থী, রিকশাচালক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গণজাগরণ তৈরি হয় এবং শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। এ আন্দোলনে লন্ডনে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ রেখে তারেক রহমান নেতৃত্ব দিয়েছিলেন বলে দাবি করেন রিজভী।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি ও জনগণ একসঙ্গে রাজপথে নেমে এসেছিলেন। দিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় জাগরণের প্রতীক। তার মতে, ৭ নভেম্বর স্বাধীনতা রক্ষার দিন। ১৯৭১ সালের অর্জিত স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় এ দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনে দীর্ঘ নয় বছর নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। তার নেতৃত্বে ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল হয়। শেখ হাসিনার শাসনামলেও গণতন্ত্রের দাবিতে আন্দোলন করায় তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেন রিজভী। কারাগারে তার খাবারে বিষ মেশানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, গত ১৭ বছর মামলা, গ্রেপ্তার ও পুলিশি বাধার মধ্যেও সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন। তবে আন্দোলনে ত্যাগ স্বীকারকারীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কারও স্ত্রী, বোন কিংবা আত্মীয় হওয়ার কারণে বিশেষ সুযোগ পাওয়ার সংস্কৃতি থাকা উচিত নয়।
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি মহিলা দলকে এখন সামাজিক আন্দোলনেও সক্রিয় হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কাজে ভূমিকা রাখতে হবে।
এ সময় নারীদের শিক্ষার সুযোগ ও অর্থনৈতিক সহায়তার বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, খালেদা জিয়া মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার পরিকল্পনায় ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য রাখার কথা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।