রাজারহাটে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং, চরম বিপাকে শিক্ষার্থীরা

প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৬:২৯ পিএম
রাজারহাটে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং, চরম বিপাকে শিক্ষার্থীরা
ছবি: FNS

প্রকল্পের মেয়াদ এখনও এক বছরের বেশি বাকি। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হয়ে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গত ১০ নভেম্বর থেকে শিক্ষার্থীদের খাবার সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী রাখতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।
খাদ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ১০ নভেম্বর থেকে খাবার সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের নির্ধারিত মেয়াদ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি শেষ হওয়ার কারণে মাঝপথে কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক-অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা ইএসডিও অফিস সূত্রে জানা গেছে, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাটের ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী রয়েছে। কর্মসূচি শুরুর দিকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৯৪৩ জন। সেই হিসাবে কর্মসূচি শুরুর পর শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৭৮ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রকল্পের তথ্য অনুযায়ী, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র মেয়াদ জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫ হাজার ৪৫২ কোটি ৪১ লাখ টাকা। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধের লক্ষ্য নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সংস্থাটির উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছা. খালেদা আক্তার জানান, ১০ নভেম্বর ইএসডিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় খাবার সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি অধিদপ্তর থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে আলাদা কোনো চিঠিপত্র দেওয়া হয়নি। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও হঠাৎ খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রাণ ডেইরি ঠিকাদারি প্রতিষ্ঠান গত অক্টোবর থেকে তাদের সরবরাহকরা দুধ এবং বিস্কুট বন্ধ করে দিয়েছে বলে বেশ কয়েকটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অভিযোগ করেছেন। এ বিষয়ে তাদের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোন কিছু জানা সম্ভব হয়নি।
উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধের লক্ষ্য নিয়ে সরকারের এ উদ্যোগ চালু করা হয়। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রাজারহাটে শুরু হয় মিড-ডে মিল কার্যক্রম। এর আওতায় সপ্তাহের নির্ধারিত কর্মদিবসে শিক্ষার্থীদের বিস্কুট, কলা, বনরুটি, সিদ্ধ ডিম ও ইউএইচটি দুধ দেওয়া হচ্ছিল। বিদ্যালয়ে এসে পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেও ভূমিকা রাখছিল।
কিন্তু হঠাৎ খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তৈরি হয়েছে নতুন সংকট। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য এ কর্মসূচি ছিল বাড়তি সহায়তা। শিক্ষকদের আশঙ্কা, খাবার বিতরণ দীর্ঘদিন বন্ধ থাকলে দরিদ্র পরিবারের কিছু শিক্ষার্থীর বিদ্যালয়ে আসার আগ্রহ কমে যেতে পারে। এতে উপস্থিতির হার কমার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিও বাড়তে পারে।
রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী অনুরাধা মন্ডল বলে, ম্যাডাম বলেছে বুধবার(১১নভেম্বর) থাকি আর কোন খাবার স্কুল থেকে দেওয়া হবে না। তাই তোমরা প্রতিদিন বাড়ি থেকে টিফিন নিয়ে আসবে।
রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. মোহসিনা আক্তার বলেন, ‘সম্ভবত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে অন্য কোনো প্রতিষ্ঠান দায়িত্ব পেতে পারে। কিন্তু এ বিষয়ে আমড়া কোনো লিখিত কাগজপত্র পাইনি। হঠাৎ করে খাবার বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি। এভাবে দীর্ঘদিন চললে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও রয়েছে।’ এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বলেন, ‘সংস্থাটির সঙ্গে এক বছরের চুক্তি ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কর্মসূচি বন্ধ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।’

আপনার জেলার সংবাদ পড়তে