সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় তানোরে এনসিপি নেতা গ্রেপ্তার

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:৩০ পিএম
সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় তানোরে এনসিপি নেতা গ্রেপ্তার
ছবি: FNS

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পলাশ এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার প্রাণপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে তানোর থানা-পুলিশ।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার সূত্র ধরে পলাশ নামের এক যুবককে আটকা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। সেখানে তাঁর সহকর্মী হিসেবে কাজ করতেন ২৭ বছর বয়সী এক তরুণী। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করলে বিচারক পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। বিষয়টি জানার পর উপজেলার দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। তাঁরা যাচাই-বাছাই করে আমাকে সঠিক তথ্য জানাবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার জেলার সংবাদ পড়তে