কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রকাশ্যে এক পল্লী চিকিৎসকের ওপর অতর্কিত হামলা, গলা চেপে হত্যার চেষ্টা এবং তাঁর ফার্মেসি ভাঙচুর করে ক্যাশ ড্রয়ার থেকে ২ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধের জেরে সংঘবদ্ধভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর বারুইটারী গ্রামের কালামের দীঘিরপাড় হাজীর মোড় বাজারে। ভুক্তভোগী পল্লী চিকিৎসক মো. আল আমিন (৩২)। তিনি ওই বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।
থানায় দেওয়া অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন চর বারুইটারী গ্রামের মৃত ঘুতু শেখের ছেলে মো. ইউনুছ আলী (৭০) এবং তাঁর ছেলেরা মো. হাসান আলী (৪৫), মো. আশরাফ আলী (৩৮), মো. আহাম্মদ আলী (৩৬) ও মোহাম্মদ আলী (৩০)। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও তার বক্তব্য অনুযায়ী, কয়েক মাস আগে জমিজমা নিয়ে তার পরিবারের সঙ্গে আত্মীয়স্বজনের বিরোধ সৃষ্টি হয়। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি আপোষ-মীমাংসা করা হয়। কিন্তু ওই বিরোধে তৃতীয় পক্ষ হয়েও অভিযুক্ত ব্যক্তিরা বিষয়টি নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি করেন। বিভিন্ন সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যকেও জানানো হয়েছিল।
আল আমিনের অভিযোগ, ঘটনার দিন প্রতিদিনের মতো তিনি হাজীর মোড় বাজারে গিয়ে নিজের ফার্মেসি খোলেন। পরে পাশের লাল মিয়ার চায়ের দোকানে চা পান করতে গেলে অভিযুক্তরা পেছন দিক থেকে তার গলা চেপে ধরেন। এরপর লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে তিনি নিজের ফার্মেসীতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়।
হামলাকারীরা ফার্মেসীর ক্যাশ টেবিলের ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ১৫ হাজার টাকা নিয়ে যান। এ সময় দোকান ভাঙচুরেরও চেষ্টা করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও খাইরুল ইসলামের নাম উল্লেখ করেছেন অভিযোগকারী। তাদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ইউনুছ আলী ও তার ছেলেদের বিরুদ্ধে এলাকায় নানা ধরনের অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের ভয়ে অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও দাবি করেন তারা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
ভুক্তভোগী আল আমিন জানান, ঘটনার দিনই তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর রাতেই ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম সোনা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম সোনা বলেন, “ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করেছি। তবে এখনও মামলা রেকর্ড করা হয়নি। অভিযোগকারীকে থানায় আসতে বলা হয়েছে। তিনি আসলেই মামলা রেকর্ড করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অন্যদিকে ভুক্তভোগী পল্লী চিকিৎসকের দাবি, হামলা ও প্রাণনাশের হুমকির কারণে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে যেকোনো সময় আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
একটি জনবহুল বাজারে একজন ব্যবসায়ী ও পল্লী চিকিৎসকের ওপর এমন হামলার অভিযোগ স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে দোকানে হামলা, গলা চেপে হত্যাচেষ্টা এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগের পরও মামলা রেকর্ড না হওয়ায় ভুক্তভোগীর নিরাপত্তা ও অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগের নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ, লুট হওয়া টাকা উদ্ধারের উদ্যোগ এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।