পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলেয়াখোয়া রাশ মেলা উত্তরবঙ্গের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য ধারক ও বাহক হিসেবে পরিচিত। কালের স্রোতে বহু ঐতিহ্য হারিয়ে গেলেও স্বকীয় মহিমায় আজও টিকে রয়েছে শতবর্ষের এই প্রাচীন মেলাটি। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালু পাড়া সীমান্তে নাগর নদীর তীরে সূচিত হওয়া এই মেলাটি আজ শুধু একটি জনসমাগম নয়, বরং এলাকার মানুষের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
ইতিহাস থেকে জানা যায়, আটোয়ারী উপজেলার আলেয়াখোয়া ইউনিয়নের বুক চিরে বয়ে চলা নাগর নদীর তীর ঘেঁষে এই মেলার সূচনা হয়েছিল।
তৎকালীন জমিদার বাবু শ্যামাপ্রসাদ রায় এই মেলার সূচনা করেছিলেন। শুরুর দিকে এটি ধর্মীয় ও গ্রামীণ সংস্কৃতির এক মেলবন্ধন হিসেবে রূপ নিয়েছিল।
তবে সময়ের পরিবর্তনে এবং রাজনৈতিক বা সামাজিক পটপরিবর্তনে ফলে একসময় মেলাটির জৌলুস ও নাম প্রায় হারিয়ে যেতে বসেছিল। ১৯৯১ খ্রিস্টাব্দে তৎকালীন বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজের ঐকান্তিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনা হয়।
তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ঐতিহাসিক এই মেলাটি নতুন প্রাণ ফিরে পায়। তাঁর বিশেষ উদ্যোগে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে মেলাটি স্থানান্তরিত হয় এবং পূর্ণাঙ্গ রূপ লাভ করে। এই পুনরুজ্জীবনের পর থেকেই মেলাটি পূর্বের নয় ঐতিহ্য ও গৌরব ফিরে পায়। ১৯৯১ সালের পর থেকে আজ পর্যন্ত এই রাশ মেলা অত্যন্ত জমজমাট ও উৎসবমুখর পরিবেশে পরিচালিত হয়ে আসছে। সময়ের বিবর্তনে এটি কেবল একটি লোকজ মেলায় সীমাবদ্ধ থাকেনি, বরং সরকারিভাবে স্বীকৃতি লাভ করেছে। প্রতিবছর রাশ পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। গ্রামীণ লোকশিল্প, হস্তশিল্প, নানা ধরনের কুটিরশিল্প এবং ঐতিহ্যবাহী পণ্যের পসরায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উত্তরবঙ্গের ঐতিহ্য সংরক্ষণে এবং স্থানীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে আটোয়ারী আলেয়াখোয়া রাশ মেলা এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে যুগ যুগ ধরে আলো ছড়াচ্ছে।