হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)। পুলিশ জানায়, পাথরবোঝাই ট্রাকটি বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা অভিমুখী ডাক বিভাগের কাভার্ডভ্যানটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছিল। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।