দেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১ হাজার ৪৬৪ জন। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুজন করে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে। তাঁদের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর বিভাগভিত্তিক হিসাবের যোগফলে এক জনের গরমিল থাকায় ওই তালিকা এখানে উল্লেখ করা হয়নি।