জামালপুরে ধর্ষণ মামলায় ১ যুবকের যাবজ্জীবন

এফএনএস (এস এমএ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ পিএম
জামালপুরে ধর্ষণ মামলায় ১ যুবকের যাবজ্জীবন
ছবি: FNS

জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজি রহমানের ছেলে ইউনুছ আলী তার প্রতিবেশী ২৩ বছর বয়সি এক নারীকে ইশারা-ইঙ্গিতে কুপ্রস্তাব দিতেন। পরবর্তীতে ফোন নম্বর সংগ্রহ করে মোবাইলেও কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করত। বিষয়টি যুবকের অভিভাবকদের জানানোর পর সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারই জের ধরে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই নারী ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা ইউনুছ আলী তাকে বাড়ির পাশের ধানখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে ইউনুছ আলীকে আটক করে। পরের দিন ইউনুছ আলীর বাবা-মা তাদের বিয়ে সম্পন্ন করতে সম্মত হয়ে আটক যুবক ইউনুছ আলীকে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু তারপর থেকে ওই যুবক বিয়ে করতে তালবাহানা শুরু করে। ইউনুছ আলী বিয়ে না করায় বাধ্য হয়ে ২৯ সেপ্টেম্বর/১৬ইং তারিখে ধর্ষনের স্বীকার ওই নারী জামালপুর আদালতে উপস্থিত হয়ে ইউনুছ আলীকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আদালত রায় দিয়েছেন। দীর্ঘ ১০ বছর পর মামলার রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর মেহেদি হাসান।

আপনার জেলার সংবাদ পড়তে