সৈয়দপুরে

আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ পিএম
আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত
ছবি: FNS

নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর এ উপলক্ষ্যে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সংগঠনের সাহেবপাড়াস্থ কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কার্যালয় থেকে বের হয়ে রেলওয়ে স্টেশন ঘুরে পুনরায় সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. সাদেক হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম কমল।

এ সময় বক্তব্য দেন প্রকৌশলী মোনায়েমুল হক, মো. তহিদুল ইসলাম, মো. রুহুল আমিন, আকতার জামান বাদল, হাজি আব্দুল হান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ৮ নভেম্বর আইডিইবি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারাদেশে সংগঠনটির ৬৯টি জেলা কমিটি, ৪৮৮টি উপজেলা কমিটি এবং ১১৭টি সার্ভিস অ্যাসোসিয়েশন রয়েছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ডিপ্লোমা প্রকৌশলীরা দক্ষতার সঙ্গে কাজ করে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করছেন।

বক্তারা আরও বলেন, একটি মহল সংগঠনকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও শক্তিশালী করতে তাঁরা সকলের সহযোগিতা কামনা করেন।