‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি

এফএনএস
| আপডেট: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:১৬ পিএম | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:১৪ পিএম
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি
ছবি: FNS

সুন্দরী অন্বেষণের প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। প্রতি বছর এর মূল আয়োজনের আগে দেশভিত্তিক প্রতিযোগিতা হয়। সেখান থেকে প্রতিটি দেশের প্রতিনিধি নির্বাচিত হন, তারাই পরে অংশ নেন আন্তর্জাতিক মঞ্চে। এবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। গত শনিবার রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনে তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। তিনি আবার মাহির সবচেয়ে কাছের বন্ধু। এই খেতাবের সহজ মানে, মাহি দেশের ‘সেরা সুন্দরী’। তাই তিনিই লড়বেন মিস ইউনিভার্সের ৭৫তম আসরে। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে হবে সেই আয়োজন। সেখানে বিভিন্ন দেশের সেরা সুন্দরীর সঙ্গে লড়বেন মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরা ছবি দিয়ে মাহি তার অনুভূতি জানিয়েছেন এভাবে, “একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। আর এখনই শুরু হলো নতুন এক পথচলা। আমার দেশ, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে।” যদিও মূল আয়োজনের অল্প কয়েকদিন বাকি। ফলে প্রস্তুতির জন্য বেশি সময় পাচ্ছেন না মাহি। তবে গত বছরের বিজয়ী মিথিলা তার বন্ধু; তাকে পাশে পাচ্ছেন। তাই অল্প সময়েও নিজেকে ঝালিয়ে নেবেন বলে জানালেন মাহি। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হয়েছিলেন। তবে কেউই বিশ্বমঞ্চে উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনতে পারেননি।