চাঁদপুরে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে আগুন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৭ পিএম
চাঁদপুরে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে আগুন
ছবি: FNS

চাঁদপুরে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত চার যুবককে শনাক্ত করেছে পুলিশ। ঘটনার জের ধরে শহরজুড়ে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদসহ মোট ৩৩ জনকে আটক করা হয়। শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ২৯ জনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ চলাকালে শহরের প্রাণকেন্দ্র শহিদ মিনার সড়কে অবস্থিত শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা হামলা চালায়। কয়েকজন তরুণ রিকশায় করে পুরনো টায়ার নিয়ে এসে স্মৃতিম্ভের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্থাপনাটির বিভিন্ন অংশে। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে আগুনের খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে জেলা বিএনপি, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শহরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। তারা এ ঘটনাকে শহীদদের প্রতি চরম অবমাননা আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


ঘটনার পর পরই চাঁদপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশের একাধিক টিম শহরজুড়ে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের মোট ৩৩ জনকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা গেছে, আটককৃত ৩৩ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে তিন নারীসহ চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৯ জনকে পুলিশ হেফাজতে রেখে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ আরও জানিয়েছে, সিসিটিভি ফুটেজে সরাসরি আগুন দিতে দেখা যাওয়া শনাক্তকৃত চার যুবককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি ক্যাপশন- চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কতৃক আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আদালতে নিয়ে যাওয়ার দৃশ্য।

আপনার জেলার সংবাদ পড়তে