নোয়াখালীর সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরী, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাজাহান কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা তামিম বিন জাহিদ, যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ, সমবায় কর্মকর্তা অরুণ চন্দ্র মজুমদার, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা কর, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মিনারুল ইসলাম ও আইসিটি কর্মকর্তা আবদুর রহিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।