ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান কবির (৩২) নামে এক জামায়াতে ইসলামীর কর্মী নিহত হয়েছে। নিহত মেহেদি হাসান কবির উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। নিহত কবির মানিকগঞ্জ জেলায় বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের হেলথ প্রোগ্রামের(ইঐচ) স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে দক্ষিণ গফরগাঁও- হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের তারাটিয়া এলাকায় ঘটনাটি ঘটে। এ বিষয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মেহেদি হাসান কবীর জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নির্বাচনি এজেন্ট ছিলেন। তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মেহেদি হাসান কবির ও তার বন্ধু পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের রায়হান মিয়া মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদ জুম্মার নামাজ আদায় করতে যায় । নামাজ পড়ে দুই বন্ধু বাড়ীতে ফেরার পথে দক্ষিণ গফরগাঁও- হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ ইউনিয়নের তারাটিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তা পড়ে মেহেদি হাসান কবির ও রায়হান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদি হাসান কবিরকে মৃত ঘোষণা করেন এবং আহত রায়হানকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
গফরগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, মৃত অবস্থা তাকে হাসাপাতালে নিয়ে আসা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।