আটোয়ারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমজমাট

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম
আটোয়ারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমজমাট

আটোয়ারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় জমজমাট। সম্প্রতি, তফসিল কিংবা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। অথচ উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ইউনিয়নগুলোতে লেগেছে আগাম নির্বাচনের উৎসবমুখর হাওয়া। তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের মোটরসাইকেল শোডাউন,  বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগের মধ্য দিয়ে এখন থেকেই সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। ​উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে এই চিত্র।  সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থীরা প্রচার-প্রচারণায় দিন-রাত এক করে দিচ্ছেন। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার-সবখানেই এখন একটাই আলোচনা, "কে হচ্ছেন আগামী দিনের কাণ্ডারি?" ​মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সমর্থন আদায় এবং ভোটারদের মন জয় করতে মাঠে নেমে পড়েছেন পুরোদমে। ভোটারদের দৃষ্টি আকর্ষণ ও নিজের উপস্থিতি জানান দিতে তারা প্রতিদিন  সমর্থক নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করছেন। সেই সাথে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, উঠান বৈঠক এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় আর দোয়া প্রার্থনার মাধ্যমে প্রার্থিতা জাহির করছেন। অনেকে আবার সামাজিক মাধ্যমেও চালাচ্ছেন জোর প্রচারণা। ​এ বিষয়ে স্থানীয় অনেক সাধারণ ভোটার জানান, "নির্বাচনের তারিখ কমিশন কবে দেবে তা এখনো সঠিক জানি না, কিন্তু প্রার্থীরা নিয়মিতই আমাদের বাড়িতে আসছেন। সালাম-কুশল বিনিময় করছেন, দোয়া চাচ্ছেন। এলাকায় এক ধরনের আগাম উৎসবের আবহ তৈরি হয়েছে।"তবে তারিখ ঘোষণা ছাড়া এ ধরনের প্রচার-প্রচারণা ও শোডাউন বিষয়ে প্রার্থীদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে,তারা জানান  "তারিখ যখনই ঘোষণা হোক না কেন, জনগণের পাশে থাকাটাই আসল কথা। নির্বাচনের মাঠ গোছাতে এবং ভোটারদের সুখে-দুঃখে তাদের পাশে থাকার বার্তা দিতেই আমরা আগেভাগে মাঠে নেমেছি। ​তফসিল না হলেও সম্ভাব্য প্রার্থীদের এই আগাম তৎপরতায় আটোয়ারীর গ্রামাঞ্চলগুলোতে নির্বাচনী উত্তাপ ও প্রাণচাঞ্চল্য পরিবেশ বিদ্যমান ।এখন কেবল অপেক্ষা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার, যার মাধ্যমে সূচনা হবে চূড়ান্ত ভোটের লড়াই।



আপনার জেলার সংবাদ পড়তে