কুমিল্লার লাকসামে নাওটি রেলওয়ে স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির যাত্রীরা। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর। তিনি জানান, ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে প্রায় ১০টি বগি ছিল। এর মধ্যে ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে আরেকটি রেললাইন দিয়ে রেলপথটিতে অন্য ট্রেনের চলাচল অব্যাহত আছে। ট্রেনটির যাত্রী আবুল কালাম ফেনী থেকে লাকসামে আসছিলেন। তিনি বলেন, লাকসামের নাওটি স্টেশন পার হওয়ার পর বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসটি নাঙ্গলকোটের নাওটি ও লাকসামে উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছলে হঠাৎ তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে এ ঘটনায় কোনো হতাহত নেই। ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ রয়েছে বলেও জানিয়েছেন ওসি। এদিকে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, কর্ণফুলী ট্রেন দুর্ঘটনার কারণে ট্রেন শিডিউলে কোনো সমস্যা হচ্ছে না। চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।