রাতে রাজা ছিলেন যিনি সকালে মৃত তিনি

হাতিয়ায় পূজা মন্ডপে রাজার চরিত্রে অভিনয়ের পর যুবকের অকাল মৃত্যু

এফএনএস (কৃষ্ণচন্দ্র মজুমদার; হাতিয়া, নোয়খালী) :
| আপডেট: ২১ অক্টোবর, ২০২৬, ১২:২১ পিএম | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম
হাতিয়ায় পূজা মন্ডপে রাজার চরিত্রে অভিনয়ের পর যুবকের অকাল মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে যাত্রা নাটকে রাজার চরিত্রে অভিনয় শেষ করে বাড়ি ফেরার পর এক যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দাস পাড়ার 'স্বরূপ পন্ডিত বাড়ি' দুর্গাপূজা মণ্ডপে নবমীর রাতে (শেষ রাতে) 'সাগর বাদশা' নামের একটি ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত হয়। উক্ত যাত্রাপালায় 'রণজিৎ রাজা' বা রাজাধিরাজ চরিত্রে চমৎকার অভিনয় করে দর্শকদের মন জয় করেন স্থানীয় বাসিন্দা শ্যামল চন্দ্র দাস (৩৮)। পেশায় তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রী। পূজা মণ্ডপে রাতভর প্রাণবন্ত অভিনয় শেষ করে ভোরের দিকে শ্যামল চন্দ্র দাস নিজ বাড়িতে ফিরে যান। বাড়ি ফেরার কিছু সময় পর তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সকাল আনুমানিক ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত শ্যামল চন্দ্র দাসের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে স্থানীয় পূজা মণ্ডপসহ পুরো এলাকা এবং তাঁর পরিবারে শোকের মাতম ছড়িয়ে পড়েছে। উৎসবের আনন্দের মাঝে এমন হৃদয়বিদারক ঘটনায় সহশিল্পী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে। তাঁর এই অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাতিয়া উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার।

আপনার জেলার সংবাদ পড়তে