কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু নিখোঁজ

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ পিএম
কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু নিখোঁজ

পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার কোলে ঘুমিয়ে থাকা রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওই গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , ভোর সাড়ে ৬ টার দিকে রাসেল খান তার শিশু সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঘর ঝাড়া মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর রুমা বেগম ঘরে গিয়ে সন্তানকে দেখতে না পেয়ে তিনি স্বামী রাসেলকে ডেকে জাগিয়ে তুলেন। পরে অনেক খোজাঁখুজির পর সন্তানকে না পেয়ে পুকুরে সেচ এবং এলাকাজুড়ে মাইকিং করেন। কিন্তু কোন খোঁজ মেলেনি।  শিশুটি নিখোঁজের পর স্বজনদের আহাজারিতে ভারী হযে উঠেছে ওই এলাকার পরিবেশ। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোঁজের বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে