প্রতিটি অকাল শিশুমৃত্যু পরিবারে নামিয়ে আনে অন্ধকারের ছায়া, যার পেছনে একটি বড় কারণ পানিতে ডোবা। এই জীবনঘাতী ঝুঁকি থেকে কোমলমতি শিশুদের বাঁচাতে এবং শারীরিক-মানসিক বিচারে একটি চাঙ্গা ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে চাঁদপুরে গ্রহণ করা হয়েছে এক বৈপ্লবিক পদক্ষেপ। চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ পুকুরে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
জীবনের সুরক্ষায় ‘লাইফ স্কিল’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জনকল্যাণমুখী কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমাদের চারপাশে নদী-নালা ও জলাশয়ের প্রাচুর্য। এমন ভৌগোলিক বাস্তবতায় সাঁতার জানা কেবল একটি খেলাধুলা বা শারীরিক ব্যায়াম নয়; এটি প্রতিটি মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী দক্ষতা (খরভব ঝশরষষ)। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ-তাদের নিরাপদ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। সদর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শিশুদের সুরক্ষায় এক নতুন দিগন্তের উন্মোচন করল।”
সমন্বিত তত্ত্বাবধান ও জীবনরক্ষার মিশন
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম এন জামিউল হিকমার নিখুঁত পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে নিরাপদ পরিবেশে শিশুদের সাঁতারের সাঁতার কাটার মৌলিক কলাকৌশল ও পানিতে বিপদের মুহূর্তে করণীয় শেখানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভকামনা জানান: সানাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাঁতারু ডা. রফিকুল আলম ফয়সাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন মানিক, সাধারণ সম্পাদক (ফুটবল কমিটি), চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা
মো. গোফরান হোসেন, প্রধান শিক্ষক, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি
এ ছাড়াও স্থানীয় সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সচেতন অভিভাবক এবং উচ্ছ্বসিত শিশু-কিশোরেরা অনুষ্ঠানে অংশ নেন। অভিভাবকদের স্বস্তি, শিশুদের উচ্ছ্বাস প্রশিক্ষণ শুরুর পরপরই উপজেলা পরিষদ পুকুর পাড়ে দেখা যায় শিশু-কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছোট ছোট হাত-পায়ের ঝাপটায় দীর্ঘদিনের অজানা ভয় কাটিয়ে তারা হয়ে উঠছে আত্মবিশ্বাসী।
উপস্থিত অভিভাবকেরা প্রশাসনের এ মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, বাড়ির কাছে এমন নিরাপদ পরিবেশে সন্তানদের সাঁতার শেখানোর সুযোগ পেয়ে তারা দারুণ স্বস্তিবোধ করছেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা জানান, শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও বেশি শিক্ষার্থীকে এই জীবনরক্ষাকারী প্রশিক্ষণের আওতায় আনার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।