অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৪ পিএম
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ  বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী পিডিবি কর্তৃপক্ষ। নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রুকনুজ্জামান রুকন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বিদ্যুৎ সংযোগ নেন। বিগত ১৪ মাস যাবত প্রিপেইড মিটারে নেওয়া ওই সংযোগের রিচার্জ করছিলেন না তিনি। ফলে বিষয়টি নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ জাগে। একপর্যায়ে ওই সংযোগ পরিদর্শনকালে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়। এ সময় রুকনুজ্জামান বিদ্যুৎ বিভাগের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বলেও অভিযোগ রয়েছে।

নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বৈধ সংযোগের সাথেই অভিনব কৌশলে আরও একটি অবৈধ সংযোগ নিয়ে ওই অবৈধ সংযোগ থেকে তিনি বিদ্যুত ব্যবহার করতেন। ফলে বৈধ সংযোগে  বিদ্যুৎ খরচ হতো না বিধায় তিনি রিচার্জ করতেন না।

এদিকে, এই ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে গত রোববার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছেন নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ বিষয়ে শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। যুবদলও এ নীতিতে বিশ্বাস করে। কোনো যুবদল নেতার বিরুদ্ধে চোরাই  বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে বিষয়টি খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে