আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৩ পিএম
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, একসময় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকরা রাজনৈতিক নেতাদেরও নির্দেশনা দিতেন। কিন্তু সেই গণমাধ্যমগুলোতে অনেক ত্রুটি লক্ষ্য করা গেছে। এসব ত্রুটি দূর করা প্রয়োজন। পুলক চ্যাটার্জীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা শ্বেতপত্র চাই।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান সদ্যপ্রয়াত সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, আপনারা কেন সমকালের বিরুদ্ধে অবস্থান নিলেন না, কোনো প্রতিবাদ করলেন না? সমকালের কাছে কেন জানতে চাননি, পুলক আত্মহত্যা করেছে কেন। ঢাকায় মানববন্ধন করে প্রতিবাদ জানাবেন, আমরাও আপনাদের সঙ্গে আছি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত স্মরণসভায় বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা একটি প্রতিবাদ। পুলক নিজেকে শেষ করার আগে পাঁচটি চিঠি লিখেছেন। তার মৃত্যুর পর বরিশাল থেকে সাংবাদিকদের একটি বড় ধাক্কা দেওয়া দরকার ছিল। কেন তাকে সমকাল থেকে সরিয়ে দেওয়া হলো, কেন পুলক নিজেকে শেষ করলেন-এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।

তিনি আরও বলেন, পুলকের মৃত্যুর পর বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এই মৃত্যুর ঘটনা সবার মধ্যে একটি ধাক্কা সৃষ্টি করেছে। ঢাকা থেকে কোনো পত্রিকা কর্তৃপক্ষ অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত নিলে বরিশাল প্রেসক্লাব কার্যকর পদক্ষেপ নিলে ভবিষ্যতে কোনো পত্রিকা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবে না। স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, কাজী মেহেরুন্নেছা বেগম, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম, আকতার ফারুক শাহীন, শাহীনা আজমিন, কাজী আল মামুন, কাজী মিরাজ মাহমুদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংবাদিক কমল সেনগুপ্ত, গিয়াস উদ্দিন সুমন, সুমন চৌধুরী, এম জহির, সুখেন্দু এদবর, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন প্রমুখ। এ সময় বরিশালের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে