জলবায়ু ন্যায় বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক কর্মসূচি গ্লোবাল উইক অফ অ্যাকশন এর অংশ হিসেবে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে শুক্রবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদি সংগঠন ও নদী রক্ষা আন্দোলন ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী এই মানববন্ধনের আয়োজন করে। বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জীবাশ্ম জ্বালানির অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং জনগণের জন্য দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা'র কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট আশুগঞ্জ বিদুৎ কেন্দ্র কে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দাবি জানান।