নিরাপদ মাতৃত্ব নিশ্চিত, গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক প্রসবে উৎসাহিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে ইজারাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের দিকনির্দেশনায় আয়োজিত সমাবেশে এলাকার গর্ভবতী মায়েরা অংশ নেন। সমাবেশে গর্ভকালীন সময়ে মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ, পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মা ও শিশুর সুস্থতার জন্য প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ দেওয়া হয়। এ সময় স্বাভাবিক প্রসবের গুরুত্ব তুলে ধরে মায়েদের স্বাভাবিক প্রসবে উৎসাহিত করা হয়। একই সঙ্গে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিরাপদ প্রসবের জন্য প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানানো হয়।
সমাবেশে অংশ নেওয়া গর্ভবতী মায়েদের মধ্যে এক মাসের জন্য প্রয়োজনীয় আয়রন, ভিটামিন ও ক্যালসিয়াম ট্যাবলেট বিনামূল্যে বিতরণ করা হয়।
স্বাস্থ্যকর্মীরা বলেন, গর্ভাবস্থায় নিয়মিত গর্ভকালীন সেবা (এএনসি) গ্রহণ এবং প্রসবের পর প্রসবোত্তর সেবা (পিএনসি) নেওয়া মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গর্ভবতী মায়েদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ, স্বাস্থ্য পরিদর্শক নাজমিন সুলতানা, সিএইচসিপি মোহাম্মদ মহিউদ্দিন এবং স্বাস্থ্য সহকারী আব্দুল মোক্তাদির।