হবিগঞ্জের মাধবপুরে ভাষা, সংস্কৃতি, ভূমি ও জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় রক্ষাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের কাছে স্মারকলিপি দিয়েছেন চা-শ্রমিক নেতারা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কার্যালয়ে চা শ্রমিকদের প্রতিনিধিরা তাঁর কাছে এ স্মারকলিপি তুলে দেন। মাধবপুরের পাঁচটি ও চুনারুঘাটের ১৮টি চা-বাগানে বসবাসরত শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরা হয়। স্মারকলিপিতে বলা হয়, ব্রিটিশ শাসনামলে ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ঝাড়খণ্ডসহ বিভিন্ন অঞ্চল থেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে এ অঞ্চলে চা শ্রমিক হিসেবে এসেছিলেন তাদের পূর্বপুরুষেরা। প্রজন্মের পর প্রজন্ম চা উৎপাদনের সঙ্গে যুক্ত থাকলেও নিজেদের ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের।
চা শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-নিজস্ব ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি, ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ভূমির অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সংশ্লিষ্ট গেজেট সংশোধন।
স্মারকলিপি গ্রহণের পর সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, চা শ্রমিকরা যেন নিজেদের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশে সমান সুযোগে সুনাগরিক হিসেবে জীবনযাপন করতে পারেন, সে বিষয়ে তিনি জাতীয় সংসদে তাদের অধিকার নিয়ে বক্তব্য রেখেছেন। চা-বাগানের শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে তিনি সহযোগিতার আশ্বাস দেন।