সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; আলোকচিত্রী) | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম
সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

এক দিনের সফরে সিলেটে এসে সুফিসাধক হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। এ সফরে তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম সঙ্গে রয়েছেন।

মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে দুপুরে ১২টার দিকে সিলেট সার্কিট হাউসে পৌঁছান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

সার্কিট হাউসে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি মাজার জিয়ারত করেন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। মোনাজাতে দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সরাসরি সিলেটের খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তিনি মাজার জিয়ারত করেন এবং যোহরের নামাজ আদায় করেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ এলাকা ও দুই মাজার এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

এদিকে, রাষ্ট্রপতির এক দিনের সিলেট সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনার জেলার সংবাদ পড়তে