পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৪ পিএম
পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির (২০২৫-২০২৬ অর্থবছর) আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপি। তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাদক ও বিভিন্ন সামাজিক নেশা থেকে দূরে থেকে নিজেদের জীবনের মানোন্নয়ন ও শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন বাবু, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি সংসদ মো, মোস্তাফিজুর রহমান উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, আর্থিক অনুদানের চেক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এছাড়াও তিনি স্থানীয় বিবনেপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে