চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ শাহজাহান আলী দুখুর ছেলে মোঃ খাদিমুল ইসলাম (২৮), বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের মৃত তহসেন আলীর ছেলে মোঃ সাদেক আলী (৪৫) এবং গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের মৃত আবুল কালাম আযাদের ছেলে মোঃ জান্নাতুল আলম ওরফে মধু (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার খাদিমুল ইসলাম গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। সাদেক আলী আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থ যোগানদাতা হিসেবে এবং জান্নাতুল আলম ওরফে মধু গোমস্তাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচিত ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান হুমায়ুন রেজার আপন ভাগ্নে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, গ্রেপ্তার তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।