অভয়নগরে নিষিদ্ধ সংগঠনের সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৬ পিএম
অভয়নগরে নিষিদ্ধ সংগঠনের সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়ায় বাহারুল মল্লিক (৪৫) নামে নিষিদ্ধ চরমপন্থী দলের এক সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয় নিশ্চিত করেছে পুলিশ।  

স্থানীয়রা জানায়, সোমবার সকালে রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির (আব্দুর রশিদ মোল্যা গং) বাগানের ভেতরে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। দুপুর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বাহারুল একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য ছিলেন।   

নিহতের ভাই বিল্লাল মল্লিক জানান, তার ভাই বাহারুল প্রায় ১৬ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যান। মাঝে মধ্যে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। সোমবার সকালে এলাকাবাসীর মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।    

এ বিষয় অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির বাগান থেকে বাহারুল মল্লিক নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিহতের ঠোটের নিচে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত বুলেট ও লাল টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে