সাতক্ষীরার পাটকেলঘাটায় সোমবার সকালে এক দিনের বৃষ্টিতে বিভিন্ন বিলের নিচু এলাকার কয়েক শত বিঘা রোপা আমনের খেত পানিতে ডুবে গেছে। অনেকের বাড়িতে ডুবে জলমগ্ন হয়ে পড়েছে। অপরিকল্পিত ঘের ও বেড়ি বাঁধের কারণে এবং নদীনালার নাব্যতা না থাকায় বৃষ্টির পানি বেরোতে না পেরে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে দাবি কৃষকদের। দ্রুত পানি সরাতে না পারলে আমন খেত নষ্ট হয়ে ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। উপজেলা কৃষি অফিসের সূত্রমতে, তালা উপজেলার ১৬ হাজার হেক্টর জমিতে আমন চাষের সম্ভাবনা রয়েছে। এলাকার অনেক কৃষক এখনো জমি প্রস্তুত করেও বৃষ্টির কারণে জমিতে চারা রোপণ করতে পারেনি।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালের ভারী বর্ষায় পাটকেলঘাটার তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা,জুজখোলা, আমতলাডাঙ্গা বিলের শত শত বিঘা জমির আমন খেত তলিয়ে গেছে। আর বৃষ্টি না হলে কৃষকের কিছু উচু এলাকার তেমন ক্ষতি হবে না। থানার আমতলাডাঙ্গা গ্রামের কৃষক আব্দুর রশিদ মোড়ল বলেন, পানি সরাতে না পারলে রোপা আমন নষ্ট হয়ে যাবে। কৃষক আরও বলেন, ‘আমাদের ৭-৮ বিঘা আমন খেত পানিতে তলানো। পানি সরার ব্যবস্থা না থাকায় ধান নষ্ট হয়ে যাচ্ছে। যে অবস্থা তাতে ধান টিকবে বলে মনে হচ্ছে না।’ নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান বলেন, সোমবার সকালের বৃষ্টিতে ইউনিয়নের ছয়টি বিলের কয়েক শো বিঘা রোপা আমন তলিয়ে গেছে। সঙ্গে সবজির খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, বৃষ্টিতে নিচু এলাকার আমন খেত পানিতে ডুবে গেছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে কৃষকের তেমন ক্ষতি হবে না। সাথে সাথে বৃষ্টিতে শাকসবজি সহ অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।