বিমানবন্দরে ২৮ কোটি টাকা মুল্যের ১২০টি অবৈধ সোনার বার জব্দ

এফএনএস | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২২ পিএম
বিমানবন্দরে ২৮ কোটি টাকা মুল্যের ১২০টি অবৈধ সোনার বার জব্দ

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ১২০টি স্বর্ণের টুকরার আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা।

আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে নজরদারির পর বিমানে দায়িত্ব পালনরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অভিযুক্ত কর্মীর দেহ ও বহনকৃত সামগ্রী থেকে ১২০ পিস স্বর্ণ জব্দ করা হয়। পরে কর্মকর্তাদের উপস্থিতিতে স্বর্ণের ওজন নির্ধারণ করে মোট ১৪ দশমিক ০৪০ কেজি পাওয়া যায়।

ঘটনার পর উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে ঢাকা কাস্টম হাউস। একই সঙ্গে স্বর্ণগুলো কীভাবে বিমানের ভেতরে আনা হয়েছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আমিনুল ইসলাম স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট বিভাগ ও বিমানবন্দরের বিভিন্ন সংস্থাও ঘটনার পর নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে