বরিশালের বাবুগঞ্জে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে বিএনপি নেতার হামলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওছার হোসেন হাওলাদার স্থানীয় মন্নান ঘরামীর (৬৫) বসতঘরের পাশে গাছ লাগাতে গেলে তিনি বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাওছার হোসেন হাওলাদার মন্নান ঘরামীর ওপর হামলা করেন বলেইিভিযোগ করা হয়েছে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আহতের স্ত্রী রানু বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কাওছার হোসেন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।